Thursday, October 8

“ইউআইটিএস” বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া’ শীর্ষক বিশেষ ল’লেকচার অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন অনুষদের উদ্যোগে ‘বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া’ (Understanding the Law-Making Process in Bangladesh) শীর্ষক একটি বিশেষ ল’লেকচার (Law Lecture) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউআইটিএস-এর আইন উপদেষ্টা, আইন অনুষদের ডিন ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিজ্ঞ আইনজীবী অধ্যাপক মো. আব্দুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। অনুষ্ঠানে কি-নোট স্পিকার (মূল বক্তা) হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রাক্তন ডিন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিআইএলআইএ)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান। এ ছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের অ্যাডভাইজর অধ্যাপক ড. মো. ওমর ফারুক।

অনুষ্ঠানে মূল বক্তার বক্তব্যে অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠার মূল ভিত্তি হলো জনকল্যাণমুখী ও সুস্পষ্ট আইন প্রণয়ন ব্যবস্থা। আইন শিক্ষার শিক্ষার্থীদের জন্য সংসদীয় বিল থেকে শুরু করে চূড়ান্ত আইন প্রণয়নের প্রতিটি আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে গভীর জ্ঞান রাখা অত্যন্ত জরুরি।”

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া বলেন, “শিক্ষার্থীদের তত্ত্বগত শিক্ষার পাশাপাশি আইনি বিষয়ের বাস্তব প্রয়োগ ও কার্যপ্রণালী সম্পর্কে সম্যক ধারণা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন আমাদের শিক্ষার্থীদের পেশাগত জীবনে দক্ষতা অর্জনে অগ্রণী ভূমিকা রাখবে।”

সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, “আইনের সঠিক চর্চা ও প্রয়োগ নিশ্চিত করতে হলে আইনি ভিত্তি মজবুত করা প্রয়োজন। আমাদের শিক্ষার্থীরা যাতে আইনি পেশায় আন্তর্জাতিক মানে উন্নীত হতে পারে, সেই লক্ষ্যেই আইন অনুষদ নিয়মিত এমন অ্যাকাডেমিক আয়োজন করে আসছে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ড. মো. সোহেল রানা। এ সময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, অনুষদের সম্মানীয় শিক্ষক মণ্ডলী এবং আইন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *