
|| ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||
তুফানুল আকসার তিন বছর পূর্তি উপলক্ষে গাজাসহ বিশ্বের নির্যাতিত মুসলিম জনগোষ্ঠীর প্রতি সংহতি জানিয়ে কুষ্টিয়া হরিপুর ব্রিজ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যন্ত ২৬ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন দৌড় সম্পন্ন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।
গত ৭ অক্টোবর ‘Steps of Solidarity’ শিরোনামের এই আয়োজনের উদ্যোগ নেন বিশ্ববিদ্যালয়ের দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়া মাহমুদ (বাড়ি বগুড়া) ও আহমাদ জামিল (বাড়ি পটুয়াখালী)।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, এদিন সকাল সাড়ে ছয়টায় কুষ্টিয়া হরিপুর ব্রিজ থেকে ম্যারাথন শুরু হয়ে বিভিন্ন পথ অতিক্রম করে সকাল পৌনে এগারোটায় ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছায়। চার ঘণ্টা ১৫ মিনিট ব্যাপ্তির এই ম্যারাথনে পথে দুইবার বিরতি নেওয়া হয়—যার প্রথমটি বালিয়াপাড়া বাজারে পানি পানের জন্য এবং দ্বিতীয়টি বিত্তিপাড়া বাজারে মাসেল ম্যাসেজিংয়ের উদ্দেশ্যে।
আয়োজকদের মতে, গাজাসহ পৃথিবীর সকল নির্যাতিত মানুষের পক্ষে বিশ্ব বিবেককে জাগিয়ে তোলা এবং বিশ্ব মোড়ল ও অত্যাচারীদের প্রতি ধিক্কার জানানোই ছিল এই ম্যারাথনের মূল উদ্দেশ্য।
এ বিষয়ে শিক্ষার্থী শাহরিয়া মাহমুদ বলেন, গাজায় নিরীহ শিশু ও নারীদের ওপর চলা গণহত্যার তিন বছর পূর্ণ হয়েছে। আমরা গাজাসহ বিশ্বের সকল নির্যাতিত মানুষের পক্ষে সংহতি জানাতে এবং তাদের কণ্ঠ বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতেই এই ম্যারাথন করেছি। আমরা শান্তি, ন্যায়বিচার ও মানবতা চাই। গাজা একা নয়, আমরা তাদের পাশে আছি।
আরেক শিক্ষার্থী আহমাদ জামিল বলেন, ১৯৪৭ বা ১৯৪৮ সাল থেকেই ফিলিস্তিনে নিপীড়ন চলছে। গত তিন বছরে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, যা বিশ্ববাসীর চরম বিবেকহীনতাই প্রমাণ করে। আমরা এই নৃশংসতার দ্রুত অবসান এবং গাজাবাসীর মৌলিক অধিকার ও নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
