মঙ্গলবার, জুলাই ১৪

ইউআইটিএস-এ জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

|| নিজস্ব প্রতিবেদক ||

“জ্ঞানই মুক্তি আগামীর ভিত্তি”—এই স্লোগানকে সামনে রেখে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ ‘জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউআইটিএস-এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “মানুষ, সমাজ ও জাতি গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর প্রাতিষ্ঠানিক শিক্ষাকে পরিপূর্ণতা দান করে একটি গ্রন্থাগার। জীবনে চলার পথে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিষয়ে জ্ঞান রাখতে হয় আর সকল জ্ঞানের সমৃদ্ধ জায়গা হচ্ছে গ্রন্থাগার।” তিনি এ অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেন, বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ ফিরোজ আল মামুন খান ও রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান।

সভাপতির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ বলেন, “পড়ালেখার মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃত মানুষ তৈরি করা। প্রকৃত মানুষ হতে হলে বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকতে হয় আর গ্রন্থাগার হচ্ছে সেই জ্ঞানের ভান্ডার।” তিনি জ্ঞানের পরিধি বৃদ্ধিতে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

ডেপুটি লাইব্রেরিয়ান সনিয়া নাজনিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএসই বিভাগের প্রধান জনাব আল-ইমতিয়াজ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও রিসার্চ সেন্টারের পরিচালক ড. অরূপ সাহা এবং ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান জনাব মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. জোবায়ের হোসেন এবং অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশন করেন সহকারী লাইব্রেরিয়ান জনাব নাসিমা নার্গিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *