বদলগাছীতে ইউএনও’র দুঃখ প্রকাশে সাংবাদিকদের সকল কর্মসূচি প্রত্যাহার
|| মোঃ লিটন হোসেন | বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির ‘মিডিয়া টাকা ছাড়া নিউজ কাভার করে না‘ এমন মিথ্যা ও বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার অবসান হয়েছে। ইউএনও তাঁর দেওয়া মন্তব্যকে ‘ভুল বোঝাবুঝিজনিত’ বলে স্বীকার করে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করায় সাংবাদিকরা ঘোষিত সকল কর্মসূচি প্রত্যাহার করেছেন।গত ১২ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে কাব ও স্কাউট দলের এক সভায় দেওয়া ইউএনওর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওতে ইউএনও বলেন, “আমি মিডিয়া কাভারেজ নিই না, কারণ হচ্ছে মিডিয়া আনতে হলে টাকা চায়” এমন মন্তব্য উঠে এলে বদলগাছী উপজেলায় কর্মরত সাংবাদিকরা ক্ষোভ জানান এবং মানববন্ধনসহ ইউএনও ইসরাত জাহান ছনি’র অপসারণের দাবিতে আন্দোলনের ঘোষণা দেয়।
...










