
|| নিজস্ব প্রতিবেদক ||
সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে প্রক্টরিয়াল বডি, শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন। গতকাল বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন ক্যাম্পাসে আরও সিসিটিভি (নিরাপত্তা) ক্যামেরা স্থাপন, বাস পার্কিংসহ একাডেমিক ভবনের আশপাশের এলাকায় স্থাপিত ক্যামেরাগুলো নিয়মিত তদারকি এবং নিরাপত্তাকর্মীদের সার্বক্ষণিক ও নিয়মিত পাহারা নিশ্চিত করার নির্দেশ দেন।
সভায় লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজাউল করিম, ট্রাস্টি বোর্ডের সচিব প্রকৌশলী মো. লুৎফর রহমান, অর্থ ও হিসাব পরিচালক মোহাম্মদ কবির আহমেদ, প্রক্টর মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান ও সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন।
