Tuesday, November 24

কালজয়ী সুরস্রষ্টা, গীতিকার ও সংগীত পরিচালক সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উদযাপন

|| সাহিত্য ও সাংস্কৃতি প্রতিবেদক ||

বাংলা ও হিন্দি গানের কালজয়ী সুরস্রষ্টা, গীতিকার ও সংগীত পরিচালক সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ সংগীত সন্ধ্যার আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘ঠুমরী’। ২০ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় ছায়ানট মূল মিলনায়তনে ‘শতবর্ষে সলিল চৌধুরী’ শীর্ষক এ আয়োজনের মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিল্পীরা। সলিলের কালজয়ী গানের পরিবেশনায় সুর, স্মৃতিতে মুগ্ধ হন হল ভর্তি উপস্থিত দর্শক-শ্রোতারা।

‘সুস্থ সঙ্গীত, সুন্দর ভাবনা…’ স্লোগানকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানে শিল্পীদের কণ্ঠে একের পর এক পরিবেশিত হয় সলিল চৌধুরীর লেখা ও কম্পোজিশনে সব জনপ্রিয় গান। কখনো সুরের মূর্ছনা, কখনো গানের কথার গভীরতায় মিলনায়তনজুড়ে তৈরি হয় আবেগঘন পরিবেশ। পরিচিত গানগুলো প্রবীণ শ্রোতাদের ফিরিয়ে নিয়ে যায় স্মৃতিময় অতীতে। পাশাপাশি নতুন প্রজন্মের শ্রোতারাও পরিচিত হওয়ার সুযোগ পান বাংলা সংগীতের অন্যতম এই কিংবদন্তির সৃষ্টির সঙ্গে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল, অনিরুদ্ধ সেনগুপ্ত, মামুন জাহিদ ও আফসানা রুনা। তাদের পরিবেশনায় ছিল ‘কোনো এক গাঁয়ের বধূ’, ‘পথ হারাবো’, ‘না যেও না’, ‘যদি কিছু আমারে শুধাও’, ‘ধিতাং ধিতাং বলে’, ‘মনের জানালা ধরে’, ‘নিজেরে হারায়ে খুঁজি’, ‘না মন লাগে না’, ‘আমি ঝড়ের কাছে’, ‘একদিন ফিরে যাবো’, ‘বাজে গো বীণা’, ‘আজ নয় গুনগুন’, ‘মন মাতাল’, ‘ও মোর ময়না গো’, ‘আমি পারিনি বুঝিতে পারিনি’, ‘আমায় প্রশ্ন করে’, ‘সাত ভাই চম্পা’, ‘শোনো কোনো একদিন’, ‘রানার’ ও ‘আজ তবে এইটুকু’সহ সলিল চৌধুরীর অসংখ্য জনপ্রিয় গান।

শিল্পীদের পরিবেশনায় উঠে আসে সলিল চৌধুরীর গানের সুরের বৈচিত্র্য ও আবেগের গভীরতা। প্রিয় গানের সুরে দর্শক-শ্রোতাদের মধ্যে তৈরি হয় উচ্ছ্বাস। অনেকেই গানের সঙ্গে কণ্ঠ মেলান। পুরো মিলনায়তনজুড়ে ছড়িয়ে পড়ে মুগ্ধতার আবেশ।

সংগীত পরিবেশনার পাশাপাশি কবিতা ও আবৃত্তি পরিবেশন করেন জাহাঙ্গীর চৌধুরী। তার পরিবেশনায় ‘শপথ’ এবং ‘কবিতা ও মহাকাব্য’ আয়োজনটিতে যোগ করে ভিন্নমাত্রা। গান ও কবিতার সম্মিলনে সন্ধ্যাটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও নান্দনিক। অনুষ্ঠানটি সঞ্চালনাও করেন তিনি।
সলিল চৌধুরী বাংলা ও হিন্দি সংগীতের এক কিংবদন্তি স্রষ্টা। তার সংগীতে লোকজ সুর, পাশ্চাত্য সংগীত, ধ্রুপদি ধারা ও আধুনিকতার অপূর্ব সমন্বয় ঘটেছে। তার গান শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সময়, সমাজ, প্রেম, প্রকৃতি ও মানুষের জীবনবোধের এক অনন্য শিল্পিত প্রকাশ। জন্মশতবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে নতুন করে স্মরণ করা হলো সংগীতজগতের এই কালজয়ী স্রষ্টাকে।

২০১৯ সালের ২৭ এপ্রিল ‘ঠুমরী’র প্রথম আয়োজন নিবেদন করা হয় বরেণ্য সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি। একই বছরের ১৯ জুলাই সংগঠনটির দ্বিতীয় আয়োজন ছিল নজরুল-রবীন্দ্রজয়ন্তী। পরবর্তী সময়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলা সংগীত ও সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মরণ করে আসছে সংগঠনটি। সম্প্রতি মহানায়ক উত্তম কুমার ও কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণেও বিশেষ সংগীত সন্ধ্যার আয়োজন করে ‘ঠুমরী’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *