Wednesday, November 18

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে শিক্ষায় নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতার বিকাশে কর্মশালা

|| নিজস্ব প্রতিবেদক ||

শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস এবং পেশাদার যোগাযোগ দক্ষতা গড়ে তোলার লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস ডিপার্টমেন্টের উদ্যোগে ‘পাবলিক স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলস’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই সেশনে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

‘দ্য কারেজ টু বি হার্ড: রিওয়্যারিং সাইলেন্স ইনটু স্ট্রেংথ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মশালায় প্রধান বক্তা ও প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন পরিচিত বক্তা ও প্রশিক্ষক মো. সোলাইমান আহমেদ জেশান। তিনি শিক্ষার্থীদের ভেতরের জড়তা ও ভয় কাটিয়ে কীভাবে আত্মবিশ্বাসী বক্তা হয়ে ওঠা যায় এবং কর্পোরেট ও পেশাদার ক্ষেত্রে কার্যকর প্রেজেন্টেশন দেওয়া যায়, তার সুনির্দিষ্ট কৌশল তুলে ধরেন।

বিবিএ প্রোগ্রামের কোঅর্ডিনেটর ও লেকচারার শিশির দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল অ্যাডভাইজার ড. মো. আনোয়ারুল কবির।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মান্নান চৌধুরী, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম এবং বিজনেস ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকার আলী।

বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা তত্ত্বগত জ্ঞানই যথেষ্ট নয়; বরং নিজের ভাবনাগুলো অন্যের সামনে স্পষ্টভাবে তুলে ধরার ক্ষমতাই পেশাদার সাফল্যের চাবিকাঠি। ভবিষ্যতে শিক্ষার্থীদের দক্ষ লিডার ও সফল প্রফেশনাল হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রায়োগিক কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *