Tuesday, November 10

ইবিতে কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠার উদ্যোগের প্রতিবাদ ইসলামী ঐক্য আন্দোলনের

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠার উদ্যোগের তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী ঐক্য আন্দোলন। মঙ্গলবার (১০ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে শীর্ষ নেতারা বলেন, জমিয়তে তালাবা ও আলেম-ওলামাদের দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামী শিক্ষা ও সাধারণ শিক্ষার মধ্যে সমন্বয় সাধন করা; ভিন্ন ধর্মের উপাসনার সমন্বয় সাধন নয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন আদর্শ, পরিবেশ ও স্বকীয়তা রক্ষায় তাঁরা প্রশাসনের জরুরি দৃষ্টি আকর্ষণ করেন।

ইসলামী ঐক্য আন্দোলনের নেতারা আরও বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা ও অনুভূতির প্রতি তাঁরা অবশ্যই সহনশীল। তবে পারস্পরিক ধর্মীয় সহনশীলতা ও সম্মান প্রদর্শনের অর্থ এই নয় যে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে যেকোনো ধরনের উপাসনালয় প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে কত শতাংশ হিন্দু শিক্ষার্থী পড়াশোনা করে যে তাদের জন্য স্থায়ী ও কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠা আবশ্যক হয়ে পড়েছে—বিবৃতিতে এমন প্রশ্নও তোলা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ধর্মীয় আদর্শ ও বিশ্বাসের প্রশ্নে আপস করে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে শিরককে প্রশ্রয় দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। কোনো ধর্মাবলম্বীর প্রতি বিদ্বেষ নয়, বরং ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিচয়, আদর্শ ও স্বকীয়তা রক্ষার প্রশ্নেই অবস্থান স্পষ্ট করা জরুরি বলে তাঁরা মন্তব্য করেন।

বিষয়টি আবেগ বা রাজনৈতিক বিবেচনায় না নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য, আদর্শ, পরিবেশ ও সামগ্রিক স্বার্থ বিবেচনায় নিয়ে পর্যালোচনা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান নেতৃবৃন্দ। একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে তাঁরা বলেন, এ ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হলে তৌহিদী জনতা তা মেনে নেবে না এবং এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে ক্যাম্পাসে ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে বিশ্ববিদ্যালয়টি তার প্রতিষ্ঠাকালীন স্বকীয়তা নিয়ে এগিয়ে চলবে—এমনটাই প্রত্যাশা ব্যক্ত করা হয় বিবৃতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *