Sunday, November 1

রাজশাহী বিভাগে রচনা প্রতিযোগিতায় প্রথম বেলকুচির জাকিয়া

|| নিজস্ব প্রতিবেদক ||

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে দেশব্যাপী উদযাপিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত রাজশাহী বিভাগীয় পর্যায়ের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে প্রথম স্থান অর্জন করেছেন সিরাজগঞ্জের বেলকুচির ঐতিহ্যবাহী গাবেরপাড়া ধুকুরিয়াবেড়া ফাযিল মাদ্রাসার শিক্ষার্থী মোছা. জাকিয়া খাতুন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালযের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা শিল্পকলা একাডেমি ও বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় ফাযিল (উচ্চতর) পর্যায় থেকে অংশ নিয়ে ‘নজরুলের জীবনী’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিভাগীয় সেরা হওয়ার গৌরব অর্জন করেন তিনি।

এর আগে বেলকুচি উপজেলা পর্যায়ে আয়োজিত সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১০টি ভিন্ন ক্যাটাগরিতে ১ম স্থান অর্জন করে গাবেরপাড়া ধুকুরিয়াবেড়া ফাযিল মাদ্রাসার শিক্ষার্থীরা। উপজেলা পর্যায়ের সেই ধারাবাহিক সাফল্য বজায় রেখে সিরাজগঞ্জ জেলা ও চূড়ান্ত বিভাগীয় পর্বের লড়াইয়েও মেধা ও নৈপুণ্যের অনন্য স্বাক্ষর রাখেন মাদ্রাসার প্রতিনিধিরা। প্রতিযোগীদের প্রস্তুতি, দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় সক্রিয় ভূমিকা পালন করেন মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মো. ওমর ফারুক।

জাকিয়া খাতুনের এই অসাধারণ অর্জনে উচ্ছ্বাস ও অভিনন্দন প্রকাশ করে গাবেরপাড়া ধুকুরিয়াবেড়া ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুস সাত্তার জানান, প্রাতিষ্ঠানিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি চর্চায় শিক্ষার্থীদের এই অর্জন মাদ্রাসার জন্য অত্যন্ত গর্বের। বিভাগীয় পর্যায়ে সেরা নির্বাচিত হয়ে এখন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া জাকিয়া খাতুনের ধারাবাহিক সাফল্যের জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *