Sunday, November 1

নাগেশ্বরীতে তিন কলেজে উচ্চ মাধ্যমিকে পাস করেনি কেউ

‎|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে এমপিওভুক্ত নয়—এমন তিনটি কলেজ থেকে চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিয়ে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। কলেজ তিনটি হলো নাগেশ্বরী মডেল কলেজ, কুটি পয়রাডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ এবং ছিলাখানা মডেল কলেজ।

‎জানা গেছে, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নাগেশ্বরী মডেল কলেজ থেকে ১৫ জন, কুটি পয়রাডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫ জন এবং ছিলাখানা মডেল কলেজ থেকে ৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, তিনটি প্রতিষ্ঠানের মোট ২৪ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।

‎এ বিষয়ে কুটি পয়রাডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শামসুল আলম জানান, এখনো কলেজ শাখাটি এমপিওভুক্ত হয়নি। সেখানে কলেজ শাখার জন্য কোনো শিক্ষকও নেই। স্কুল শাখার শিক্ষকদের দিয়েই কলেজের পাঠদান করাতে হয়। এ ছাড়া শিক্ষার্থীরাও নিয়মিত ক্লাসে উপস্থিত হয় না। নানা সীমাবদ্ধতার মধ্যেও এবার কলেজ থেকে পাঁচজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তবে দুঃখজনকভাবে তাদের কেউই পাস করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *