Thursday, October 29

২৮ অক্টোবর পল্টন হত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে জামায়াতের বিক্ষোভ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত সহিংসতার সুষ্ঠু তদন্ত, বিচার ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ পৌর শাখা।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ শহরের প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে থাকা ব্যানারে ‘২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস’ লেখা ছিল। এ সময় তাঁরা ওই ঘটনার বিচার ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আমীর হাফেজ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন মানিকগঞ্জ সদর থানা জামায়াতের মাওলানা ফজলুল হক এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মানিকগঞ্জ জেলা সভাপতি মাহবুবুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ পৌর শাখার আমীর হুমায়ূন কবির।

বক্তারা তাঁদের বক্তব্যে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

সমাবেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *