Tuesday, October 27

লিডিং ইউনিভার্সিটিতে গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

|| নিজস্ব প্রতিবেদক ||

লিডিং ইউনিভার্সিটির কোয়ালিটি অ‍্যাসিউরেন্স সেলের উদ‍্যোগে গবেষণা বিষয়ক ‘রাইটিং রিসার্চ প্রজেক্ট প্রপোজাল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপর সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ‍্যালারী-১ এ “Writing Research Project Proposal” শীর্ষক সেমিনারে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ২০২৬-২০২৭ অর্থবছরের গবেষণা প্রকল্প প্রস্তাবে দেশের স্থায়ী সনদপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণাকর্মে সহায়তা (রিসার্চ গ্র‍্যান্টস) প্রাপ্তির সুযোগ রয়েছে উল্লেখ করে প্রধান অতিথি এবং কিনোট স্পিকার হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, রিসার্চ গ্র‍্যান্টস পেতে হলে ভালো মানের রিসার্চ প্রজেক্ট প্রপোজাল সাবমিট করতে হয়। তিনি প্রস্তাবিত প্রকল্পে সামাজিক সম্পৃক্ততা ও একাডেমিক কর্মীদের পেশাগত উন্নয়নের সুবিধাসহ মানসম্পন্ন গবেষণা প্রপোজাল কিভাবে তৈরি করা যায় সে বিষয়ে আলোকপাত করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব‍্যবস্থা গবেষণামুখী হতে হবে উল্লেখ করে আরো বলেন, শিক্ষাব‍্যবস্থায় শিক্ষার সঙ্গে গবেষণার একটি নিবিড় সম্পর্ক রয়েছে। তাই শিক্ষকদের উদ্ভাবনী চিন্তাশীলতা থেকে তাদের মধ্যে গবেষণার মনোভাব গড়ে তুলতে হবে, যাতে করে তাদের মধ‍্যে ক্রিটিক্যাল অ্যানালাইসিসের সক্ষমতার সৃষ্টি হয়। পরিশেষে তিনি আশা করেন যে, লিডিং ইউনিভার্সিটির শিক্ষকদের পক্ষ থেকে উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রস্তাব ইউজিসি (UGC) তে জমা দেওয়া হবে।

লিডিং ইউনিভার্সিটির কোয়ালিটি অ‍্যাসিউরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে সেমিনারে লিডিং ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং এর উপদেষ্টা ও ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া আজকের এই সেমিনারের আলোকে রিসার্চ প্রপোজাল তৈরি করে জাতীয় এবং আন্তর্জাতিক প্রকল্পে অংশগ্রহণ করে লিডিং ইউনিভার্সিটির শিক্ষকগণ প্রজেক্ট পেতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

লিডিং ইউনিভার্সিটি কোয়ালিটি অ‍্যাসিউরেন্স সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লার কোঅর্ডিনেশনে সেমিনারে লিডিং ইউনিভার্সিটির প্রক্টর মো. মাহবুবুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *