
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ সদর উপজেলায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে তিনটি সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
শনিবার (২৪ অক্টোবর) সকালে গড়পাড়া ইউনিয়ন পরিষদের সামনে সড়ক উন্নয়নকাজের ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এসব কাজের উদ্বোধন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় প্রকল্পগুলোর মধ্যে রয়েছে তরা থেকে গিলন্ড বাজার পর্যন্ত ১ হাজার ৭০০ মিটার এবং গড়পাড়া ইউনিয়ন পরিষদ থেকে চান্দহর বাজার পর্যন্ত ১ হাজার ৪৮০ মিটার সড়কে ইউনি ব্লক স্থাপন। এ ছাড়া গিলন্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গিলন্ড ঈদগাহ মাঠ পর্যন্ত ১ হাজার মিটার সড়কের রক্ষণাবেক্ষণকাজ করা হবে।
তিনটি সড়কের মোট দৈর্ঘ্য ৪ হাজার ১৮০ মিটার। এসব উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজের চুক্তিমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।
উদ্বোধন অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে পর্যায়ক্রমে জেলার সব সড়কের উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।
সড়কগুলোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনদুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল এবং এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মো. কামরুল ইসলাম প্রমুখ।
