Monday, October 19

বিএনপির জেলা ও উপজেলা নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব এবং ফুলবাড়ী উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও চরিত্রহননের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

রবিবার (১৮ অক্টোবর) বিকেলে ফুলবাড়ী উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা পরিষদ গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আরাবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সরকার, সদস্যসচিব আব্দুল মান্নান মুকুল এবং আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক।

এ ছাড়া বক্তব্য দেন ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক ও সদস্যসচিব অপূর্ব লাল সেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল, কৃষক দলের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন, লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান, তাঁতী দলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান লাকু এবং ওলামা দলের সাধারণ সম্পাদক মইনুদ্দিন চিশতিয়াসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জেলা ও উপজেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড দলের সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলার জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তাঁরা।

বক্তারা দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে পারস্পরিক ঐক্য, সংহতি ও শৃঙ্খলা বজায় রাখা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *