Wednesday, October 14

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||

কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ী এলাকায় ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। বুধবার (১৪ অক্টোবর) ভোরে বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছেন।

নিহত নারীর স্বামী অবসরপ্রাপ্ত সরদার মিয়া। তাঁদের ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ছেলেকে সুস্থ করে তুলতে তাঁকে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। তবে কিছুদিন আগে তিনি সেখান থেকে বাড়িতে ফিরে আসেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোর ৪টার দিকে ওই ছেলেকে নিতে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের একটি দল তাঁদের বাড়িতে আসে। এ সময় বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে ধারালো ছুরি দিয়ে তাঁর মা ও বাবাকে আঘাত করেন। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে তাঁদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যু হয়। অন্যদিকে, বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত বাবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *