
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও দুর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নাগেশ্বরীর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সামনের গোলচত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখাখেরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আতঙ্কিত না হয়ে সচেতনতা, প্রশিক্ষণ ও পূর্বপ্রস্তুতির ওপর গুরুত্ব দিতে হবে। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় তাঁরা দুর্যোগ মোকাবিলায় সাহসিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে একটি নিরাপদ, সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে বিভিন্ন মহড়া প্রদর্শন করেন।
