Tuesday, October 13

ষড়যন্ত্র করে লাভ হবে না, জনগণকে নিয়ে প্রতিহত করা হবে: আমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং এ অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে গুপ্ত ও পলাতক ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবেই সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামে বিএনপি নেতা সাইফুদ্দিন আহমেদ মনির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

আমান উল্লাহ আমান বলেন, দেশে বর্তমানে ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। দেশ যখন অগ্রগতির পথে ধাবমান, তখন একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু এসব অপচেষ্টা চালিয়ে কোনো লাভ হবে না। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা সাইফুদ্দিন আহমেদ মনিকে দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী সড়কটি তাঁর নামে নামকরণের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।

এর আগে আমান উল্লাহ আমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সাইফুদ্দিন আহমেদ মনির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোনাজাতে অংশ নেন।

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় এবং মরহুমের ছোট ভাই অধ্যাপক মাইনুদ্দিন আহমেদ খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দীন আলম, সাবেক ছাত্রনেতা খন্দকার লুৎফর রহমান এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *