
|| নিজস্ব প্রতিবেদক ||
মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিকায়ন এবং শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় অবস্থিত কালাদী শাহাজউদ্দীন জামেয়া-ই-ইসলামিয়া কামিল (এম.এ) মাদরাসায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) মাদরাসা প্রাঙ্গণে ‘মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী।
মাদরাসার অধ্যক্ষ মুফতী মো. মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউআইটিএসের আইন অনুষদের ডিন ও অত্র মাদরাসা গভর্নিং বডির সভাপতি অধ্যাপক এডভোকেট মো. আবদুল মান্নান ভূঁইয়া।
আলোচনা সভায় মাদরাসা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এ সময় বক্তারা মাদরাসা শিক্ষার ঐতিহ্য ও স্বকীয়তা অক্ষুণ্ন রেখে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করেন।
