Wednesday, October 7

আবরার ফাহাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে ইবি তালাবার কবর জিয়ারত ও দোয়া

|| ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর, দেশের সার্বভৌমত্ব ও ন্যায্য অধিকারের পক্ষে সোচ্চার শহীদ আবরার ফাহাদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নেতৃবৃন্দ। বুধবার (৭ অক্টোবর) শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি মো. মাহমুদুল হাসান, সংগঠনের ইবি শাখার সভাপতি এস এম শামীম, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, শাকিল আহমেদ ও হাফেজ আবদুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া ও জিয়ারত শেষে ইবি শাখা সভাপতি এস এম শামীম বলেন, শহীদ আবরার ফাহাদ আমাদের জন্য এক অনুপ্রেরণার নাম। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে তাঁর আত্মত্যাগ আমাদেরকে অন্যায় ও আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার হতে শিক্ষা দেয়। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তারের নানা অভিযোগ ও আলোচনা ছিল উল্লেখ করে তিনি বলেন, কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা কোনো দেশের আধিপত্য বা দাদাগিরি মেনে নিতে পারি না। আমরা পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক চাই।

তিনি আরও বলেন, শহীদ আবরার ফাহাদ আমাদের স্মরণ করিয়ে দেন—দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে আপসহীন থাকা একজন সচেতন নাগরিকের মৌলিক দায়িত্ব। তাঁর এই আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশ ও জাতির স্বার্থে কাজ করার চিরন্তন অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানের শুরুতে সকালে ইবি শাখা সভাপতি এস এম শামীম মুঠোফোনে শহীদ আবরার ফাহাদের পিতা বরকত উল্লাহর সঙ্গে কথা বলেন এবং তাঁর খোঁজখবর নেন। এ সময় শহীদ আবরার ফাহাদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও ধৈর্য ধারণের তাওফিক কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *