Sunday, September 27

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

|| অনলাইন ডেস্ক ||

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা রয়েছেন।

এর আগে দেশে ফেরার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ছয় ঘণ্টার যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী। যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় রাত ২টায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সফরসঙ্গীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

নিউইয়র্ক অবস্থানকালে প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেন এবং ধারাবাহিক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেন। সফরকালে তিনি শান্তি, গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মানবিক বিষয় এবং টেকসই উন্নয়নসহ বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকারের কথা বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরেন।

সফর শেষে গত ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন জানান, সফরকালে প্রধানমন্ত্রী মোট ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য ও আন্তর্জাতিক শান্তির বিষয়গুলো গুরুত্ব পায়।

এ ছাড়া সফরকালে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন এবং এর মধ্যে চারটিতে বক্তব্য দেন। এর মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের ‘প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’, ‘ফার্স্ট স্পাউসেস ডায়ালগ’ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত উচ্চপর্যায়ের অনুষ্ঠান উল্লেখযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *