
|| ধর্ম ডেস্ক ||
আজানের সুর ও উচ্চারণ আরও বিশুদ্ধ ও হৃদয়গ্রাহী করে তুলতে ১০ দিনব্যাপী বিশেষ মুয়াজ্জিন প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির উদ্যোগে এবার তৃতীয় দফায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
‘৩য় মুয়াজ্জিন প্রশিক্ষণ’ শীর্ষক এই আয়োজনে আজান ও ইকামাতের প্রতিটি শব্দের সঠিক উচ্চারণ, সংশ্লিষ্ট প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়েল এবং মদিনা ও মিশরের ঐতিহ্যবাহী সুরের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া কণ্ঠের যত্ন, দীর্ঘ শ্বাস নিয়ন্ত্রণ, সাউন্ড সিস্টেম পরিচালনা, তারবিয়াহ, ব্যক্তিত্ব উন্নয়ন ও রুকইয়াহর মতো ব্যবহারিক বিষয়গুলোও এতে অন্তর্ভুক্ত থাকছে।
আয়োজকরা জানান, প্রশিক্ষণটি সম্পূর্ণ ১০০ শতাংশ স্কলারশিপের আওতায় অনুষ্ঠিত হবে। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের মানসম্মত আবাসন, খাবার, যাতায়াত খরচ ও প্রয়োজনীয় সনদ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।
প্রশিক্ষণে আবেদনের জন্য প্রার্থীকে বর্তমানে কর্মরত মুয়াজ্জিন হতে হবে এবং সংশ্লিষ্ট মসজিদ কমিটির প্রত্যয়নপত্র জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোরআনের হাফেজ অথবা কওমি ধারার ‘নাহবেমির’ কিংবা আলিয়া মাদ্রাসা থেকে ‘দাখিল’ উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে সুরের অধিকারী হওয়ার পাশাপাশি বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক।
আগামী ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আগামী ১১ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানা যাবে ০১৮০৫৪৩৭৯১০ নম্বরে।
