Saturday, September 26

মারধর ও চাঁদাবাজির অভিযোগে ভারতীয় টিভি অভিনেত্রী গ্রেফতার

|| বিনোদন ডেস্ক ||

এক ব্যবসায়ীকে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক ৫ লাখ ৫০ হাজার রুপি আদায়ের অভিযোগে গ্রেফতার হয়েছেন ভারতীয় ছোটপর্দার অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট। এক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অর্থ বিনিয়োগে রাজি না হওয়ায় ওই ব্যবসায়ীর ওপর এমন নির্যাতন চালানো হয় বলে জানিয়েছে ভারতের চেন্নাই পুলিশ।

মামলার বিবরণ ও ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর চেন্নাইয়ের মাইলাপুরের বাসা থেকে ২৮ বছর বয়সী এই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনার তদন্তে জানা যায়, বর্ষিণী ও তাঁর সহযোগীরা তরুণ নামে এক শেয়ার ব্যবসায়ীকে তাঁদের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অর্থ বিনিয়োগের প্রস্তাব দেন। ব্যবসায়ী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিযুক্তদের সঙ্গে তাঁর বিরোধ শুরু হয়। গত ২২ আগস্ট ভোরে ওই ব্যবসায়ী নিজ কক্ষে ফিরলে আগে থেকেই অবস্থান নেওয়া বর্ষিণী ও তাঁর সঙ্গীরা তাঁকে বেধড়ক মারধর করেন এবং নগদ ৫০ হাজার রুপি ছিনিয়ে নেন।

পরবর্তীতে প্রাণনাশের হুমকি দিয়ে ওই ব্যবসায়ীকে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বর্ষিণীর হিসাবে ৩ লাখ রুপি এবং তাঁর সহযোগীর হিসাবে ২ লাখ রুপি পাঠাতে বাধ্য করা হয়। এত কিছুর পরও অভিযুক্তরা ক্ষান্ত না হয়ে অতিরিক্ত ২৭ লাখ রুপি দাবি করে হুমকি দিতে থাকলে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ জানান।

পুলিশ ব্যাংক লেনদেনের তথ্য যাচাই করে ঘটনার সত্যতা এবং অভিনেত্রীর অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের প্রমাণ পায়। গ্রেফতারের সময় বর্ষিণীর কাছ থেকে একটি আইফোন জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত তাঁর অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *