
|| স্পোর্টস ডেস্ক ||
জাতীয় দলে দীর্ঘদিনের অনুপস্থিতি সত্ত্বেও সম্প্রতি ঘরোয়া পারফরম্যান্স দিয়ে আবারও আলোচনায় এসেছেন অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান। এশিয়ান গেমসের স্কোয়াডে না থাকলেও জাতীয় দলের ভাবনায় সাব্বির এখনও রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাব্বিরের জাতীয় দলে ফেরা নিয়ে কথা বলেন অধিনায়ক।
লিটন দাস বলেন, ‘নির্বাচক, কোচ এবং আমার—সবার ভাবনায়ই ও আছে। ৫, ৬ বা নিচের সারিতে যারা ব্যাট করে, সেখানকার জায়গাগুলো সবার জন্যই উন্মুক্ত। যে পারফর্ম করবে, তার আসার সুযোগ তৈরি হবে। অনেকদিন পর রাব্বি (ইয়াসির আলী) টিমে এসে জিম্বাবুয়েতে ভালো করেছে, তাই আপাতত তার সুযোগটা বেশি।’
তিনি আরও জানান, নির্দিষ্ট ওই পজিশনগুলোর জন্য ৩-৪ জন ক্রিকেটার রয়েছে এবং ঘুরিয়ে-ফিরিয়ে তাদের পরখ করে উপযুক্ত ব্যাটারকেই একাদশে সুযোগ দেওয়া হবে।
এদিকে, চোটের কারণে এশিয়ান গেমসের দল থেকে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করে লিটন বলেন, সাইফউদ্দিনের স্থলাভিষিক্ত হিসেবে কাকে নেওয়া হবে তা নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবেন নির্বাচকেরা। চোটের কারণে অলরাউন্ডার সংকটের কথা স্বীকার করলেও আগামী এক-দেড় বছরের মধ্যে উদীয়মান তরুণদের কাছ থেকে ইতিবাচক ফলের প্রত্যাশা ব্যক্ত করেন টি-টোয়েন্টি অধিনায়ক।
