
|| আন্তর্জাতিক ডেস্ক ||
ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কৌশলগত হরমুজ প্রণালিতে দুটি মার্কিন যুদ্ধজাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে পাল্টা হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ তথ্য নিশ্চিত করেছে।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতির বরাতে আল জাজিরা জানায়, ‘মার্কিন বাহিনীর আগ্রাসন ও শত্রুতার’ সরাসরি জবাব দিতেই আইআরজিসি এ হামলা পরিচালনা করে।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ‘নিষিদ্ধ ও অনিরাপদ অঞ্চল’ দিয়ে অতিক্রমের চেষ্টা করা আরও ১০টি নিয়ম লঙ্ঘনকারী জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আইআরজিসি দাবি করেছে, মার্কিন নৌবাহিনীর ডিডিজি-১১৯ ও ডিডিজি-৫৩ ডেস্ট্রয়ারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে জাহাজ দুটির ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়।
তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করে জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজটি ইরানের হামলা সফলভাবে এড়িয়ে যেতে সক্ষম হয়েছে এবং কোনো সেনা আহত হননি।
পাল্টা ব্যবস্থা হিসেবে সেন্টকম ওমান উপসাগরে অবস্থানরত এম/টি কাভিজ, এম/টি চারমিনার, এম/টি হরাইজন-১ ও এম/টি রিয়েস্কো এবং খার্গ দ্বীপের কাছে থাকা এম/টি দেরিয়া নামের পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে অচল করে দেওয়ার কথা নিশ্চিত করে।
