Tuesday, September 8

নাগেশ্বরীতে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল ৭ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে উপজেলার কেদার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঢলুয়াবাড়ি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—ঢলুয়াবাড়ি গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে মোছা. মুবাশিয়া খাতুন (৪) এবং একই গ্রামের মো. আয়নাল হোসেনের ছেলে মো. সিয়াম (৫)। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই-বোন।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলার ছলে মাছ ধরতে যায় মুবাশিয়া ও সিয়াম। একপর্যায়ে অসাবধানতাবশত একজন পানিতে পড়ে তলিয়ে যেতে লাগলে তাকে বাঁচাতে গিয়ে অন্যজনও পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে সন্দেহ হলে স্বজন ও প্রতিবেশীরা পুকুরে নেমে তল্লাশি চালান। পরে দুপুর ১টার দিকে দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

একই পরিবারের দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপন কুমার দাস জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *