Tuesday, September 8

বদলগাছীতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষার সনদ ও ক্রেস্ট প্রদান

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||

নওগাঁর বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধা মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল ৭ সেপ্টেম্বর (সোমবার) দুপুর ১২টায় জেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।

উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও অক্সফোর্ড মডেল স্কুলের পরিচালক হাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও জেরিন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমান, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাদী চৌধুরী টিপু এবং বদলগাছী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রবিউল ইসলাম। বক্তারা শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

আয়োজকরা জানান, অ্যাসোসিয়েশনের আওতাধীন ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের ৪০১ জন শিক্ষার্থী এবারের মেধা মূল্যায়ন পরীক্ষায় অংশ নেয়। অনুষ্ঠান শেষে অতিথিরা উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে সংগঠনভুক্ত ১৯টি বিদ্যালয়ের পরিচালক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *