
দেশের ক্রান্তিকালে বিএনপির জন্ম, সংকটে জনগণের পাশে থাকার প্রত্যয়
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পূর্ব দুধকুমার এলাকার কেদার, কচাকাটা ও বল্লভের খাস এলাকায় জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা।
সভায় সভাপতিত্ব করেন কেদার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেদার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলী। অনুষ্ঠানের শুরুতে কেদার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান শোক প্রস্তাব পাঠ করেন।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা এবং জাতীয় সংকটের সময়ে জনগণের পাশে দাঁড়ানোর বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি দলের আদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নতুন করে অঙ্গীকার করার দিন। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান বলেন, দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে জনগণের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করতে হবে।
নাগেশ্বরী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দলের নাম নয়, এটি দেশের মানুষের অধিকার ও কল্যাণের সঙ্গে জড়িয়ে থাকা একটি রাজনৈতিক শক্তি। দেশ ও দেশের মানুষের কল্যাণে বিএনপি সবসময় কাজ করে যাচ্ছে। দেশের যেকোনো সংকট ও দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করাই বিএনপির রাজনীতির অন্যতম লক্ষ্য।
আলহাজ্ব শফিউল আলম শফি বলেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলায় নেতাকর্মীদের ত্যাগ ও সংগ্রাম দলের অন্যতম শক্তি।
নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য ও নেওয়াশী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম খান বলেন, বিএনপি দেশের একটি ক্রান্তিকালে জন্ম লাভ করেছিল। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার যখন নানা সংকটের মুখে, ঠিক সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।
সভায় নাজির হোসেন, মোজাম্মেল হক দুদু, মো. মাহফুজার রহমান আপেল, যুবদল নেতা ফরহাদ হোসেন, এস এম ফারুক, উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাসান হাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এ সময় রামখানা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছবুর বি.এসসি, হাসনাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রবিউল ইসলাম, বেরুবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শফি মোল্লা, সদস্য সচিব আক্কাস আলী, সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম, কচাকাটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোলাপ উদ্দিন সরকারসহ নাগেশ্বরী উপজেলা ও পূর্ব দুধকুমার এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং দলের চেয়ারম্যান ও দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
