
|| নিজস্ব প্রতিবেদক ||
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন বিভাগে ‘শরৎকালীন নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। ইউআইটিএসের আইন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ড. মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন ইউআইটিএস-এর আইন উপদেষ্টা, আইন অনুষদের ডিন ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অধ্যাপক মো. আব্দুল মান্নান ভূঁইয়া। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, “আইন পেশা কেবল একটি ক্যারিয়ার নয়, এটি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার মহান ব্রত। ইউআইটিএস থেকে পাশ করে আমাদের শিক্ষার্থীরা আজ বিচার বিভাগ, অ্যাটর্নি সার্ভিস ও সুপ্রিম কোর্টসহ দেশের নানা গুরুত্বপূর্ণ জায়গায় সুনামের সাথে কাজ করছেন। যারা এই বিভাগকে ভালোবেসে বেছে নিয়েছ, তোমাদের ভবিষ্যতের আইন সংশ্লিষ্ট ক্ষেত্রের উপযুক্ত ব্যক্তি তথা দক্ষ এবং নীতিবান আইনজ্ঞ হিসেবে গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া বলেন, “তথ্যপ্রযুক্তির এই যুগে আইন শিক্ষার পরিধি আরও ব্যাপক ও চ্যালেঞ্জিং হয়েছে। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও আধুনিক আইনি গবেষণায় পারদর্শী হতে হবে। ইউআইটিএস সবসময় শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করে আসছে।”
সম্মানিত অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মো. আরিফ জামিল বলেন, “আইনের শিক্ষার্থীদের সততা, নিবেদিতপ্রাণ মনোভাব ও ক্রমাগত শেখার মানসিকতা ধরে রাখতে হবে। আইনের সূক্ষ্ম বিচার বিশ্লেষণধর্মী চিন্তাই একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে সফল আইনজীবী বা বিচারক হিসেবে গড়ে তোলে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধান, বিভাগীয় সন্মানিত শিক্ষকমন্ডলী, অ্যালামনাই ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
