Thursday, September 3

সাটুরিয়ায় মাকে মারধরের অভিযোগে নেশাগ্রস্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নেশাগ্রস্ত অবস্থায় নিজ মাকে মারধর, বসতঘর ভাঙচুর ও জনশান্তি বিনষ্ট করার অপরাধে মো. সোহেল রানা (৩০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল ২ সেপ্টেম্বর (বুধবার) উপজেলার বালিয়াটি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম। দণ্ডপ্রাপ্ত সোহেল রানা ওই এলাকার মৃত শমসের আলীর নাতি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে নানার বাড়িতে মাদকাসক্ত অবস্থায় নিজের মাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন সোহেল রানা। একপর্যায়ে তিনি বসতঘরের দরজাসহ আসবাবপত্র ভাঙচুর করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন।

পরদিন বুধবার সকালে ভুক্তভোগী মা প্রতিকার চেয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সাটুরিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে ঘটনার সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *