Monday, August 31

নাগেশ্বরীতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি: যুবকের এক মাসের কারাদণ্ড‎

|| রফিকুল ইসলাম ​| নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাহাবুর রহমান (২৪) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত মাহাবুর নাগেশ্বরী পৌরসভার গোদ্ধারের পাড় এলাকার ইছহাক আলীর ছেলে।

‎​সোমবার (৩১ আগস্ট) সকাল  সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী ডিএম একাডেমি বিদ্যালয় প্রাঙ্গণে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ।

‎​ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান জানান, সোমবার সকাল পৌনে ১০টার দিকে ওই ছাত্রী বাড়ি থেকে স্কুলে আসছিল। পথে কাজী মার্কেটের আজিজ সুপার মার্কেটের সামনে মাহাবুর তার শ্লীলতাহানি করে। এ সময় স্থানীয় লোকজন হাতেনাতে ধরে তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে স্কুলে নিয়ে আসে।

‎​এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ জানান, অভিযোগটি প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি অনুযায়ী অভিযুক্ত যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *