Monday, August 31

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব ইরানের, জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা

|| আন্তর্জাতিক ডেস্ক ||

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। গত রবিবার দিবাগত রাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই অভিযান চালানো হয় বলে আজ সোমবার (৩১ আগস্ট) সকালে প্রকাশ করা এক বিবৃতিতে জানায় আইআরজিসি।

ইরানের বার্তা সংস্থাগুলো ও তুরস্কের আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, অভিযানে জর্ডানের কিং হোসেন ও আল–আজরাক ঘাঁটির প্রযুক্তিগত অবকাঠামো এবং যুদ্ধবিমান মোতায়েন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। এ পদক্ষেপকে ‘আগ্রাসী শক্তির বিরুদ্ধে উপযুক্ত শাস্তি’ হিসেবে অভিহিত করেছে আইআরজিসি। অন্যদিকে, জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা অন্তত আটটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে।

বিবৃতিতে আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়ে জানায়, হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ দুর্বল করার কোনো চেষ্টা সফল হবে না এবং প্রতিটি মার্কিন হামলার বিপরীতে আরও বেশি বিধ্বংসী জবাব দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত রবিবার ইরানের লারাক দ্বীপে মার্কিন বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করে। এ ঘটনায় বেশ কয়েকজন যোদ্ধা ও বেসামরিক নাগরিক হতাহত হলে পাল্টা হামলার এই পদক্ষেপ নেয় তেহরান।

সূত্র: আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *