Saturday, August 29

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৮৩ হাজার টাকা

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম, অনলাইন ক্যাসিনোয় ব্যবহৃত স্মার্টফোন ও নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিপন রহমান (৩৩)সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার দেওয়ানের খামার ও বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, দেওয়ানের খামার এলাকার ধানক্ষেত ও সুপারি বাগানকে ঘিরে একটি চক্র নিয়মিত ইয়াবা সেবন ও কেনাবেচা করছিল। ফাঁকা এলাকা হওয়ায় পুলিশের উপস্থিতি টের পেলেই তারা পালিয়ে যেত। বিষয়টি জানতে পেরে পুলিশ সুপারি ব্যবসায়ীর ছদ্মবেশে সেখানে কৌশলী অভিযান চালায়।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে অভিযানে থানার এসআই সাইফুল ইসলাম ও এসআই আল-আমিন অংশ নেন। অভিযানের প্রথম পর্যায়ে ইয়াবা সেবনের সময় তিনজনকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিপন রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ৬০ পিস ইয়াবা, একটি স্মার্টফোন ও নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, শিপন রহমান মাদক ব্যবসার পাশাপাশি অনলাইন ক্যাসিনোর সঙ্গেও জড়িত। সম্প্রতি একটি ক্যাসিনো ওয়েবসাইটে জ্যাকপট পেয়ে তিনি বিপুল অর্থ উপার্জন করেছেন—এমন অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার চারজন হলেন—শিপন রহমান (৩৩), শাকিল বাবু (১৯), হাসিবুল ইসলাম (৩২) এবং একজন অপ্রাপ্তবয়স্ক।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম বলেন, সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে মাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে। জেলায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ কাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সংশ্লিষ্ট জুয়া আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *