Saturday, August 29

গুজুরি সরকারি প্রাথমিকের শিক্ষার্থীদের কাছে টাকা আদায়ের অভিযোগ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ)||

মানিকগঞ্জ সদর উপজেলার ৪৮ নং গুজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে হাতের কাজের কথা বলে ১০০ টাকা করে নিয়ে বিদ্যালয়ে আসার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, শিক্ষার্থীদের ফুল নিয়ে বিদ্যালয়ে আসতে বলা হয়। কয়েকজন শিক্ষার্থী ফুল নিয়ে বিদ্যালয়ে গেলে পরে সেই ফুল ফেরত দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের ১০০ টাকা নিয়ে বিদ্যালয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

বিষয়টি নিয়ে ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থীর বক্তব্য নেওয়া হলে তাদের বক্তব্যে অভিযোগের সত্যতা পাওয়ার বিষয়টি উঠে আসে। এছাড়া বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় অভিভাবকদের নির্দেশনাকেই গুরুত্ব দেওয়া হয় এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সিদ্ধান্তের প্রয়োজন পড়ে না—এমন অভিযোগও পাওয়া গেছে।

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, “সব শিক্ষার্থীকে টাকা দিতে বলা হয়নি। যারা দিতে পারবে, তারা দেবে।”

পরে বিষয়টি নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হকের কাছে অভিযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি সঠিকভাবে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “যেসব শিক্ষার্থী এ বিষয়ে বক্তব্য দিয়েছে, তাদের কোনো শিক্ষক বা শিক্ষিকা যদি এ নিয়ে চাপ বা হয়রানি করেন, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

অভিভাবকরা অভিযোগটির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *