Friday, August 21

ইউআইইউতে নারী উদ্যোক্তাদের ইএসজি ও জলবায়ু চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার

|| নিজস্ব প্রতিবেদক ||

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স (ইএসজি) এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের (এসওবিই) উদ্যোগে ‘নেক্সাস সেমিনার সিরিজ’-এর অংশ হিসেবে ‘নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য ইএসজি ও জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বিশ্বব্যাংক গ্রুপ আইএফসি’র সিনিয়র এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট ড. আফিফা রাইহানা। তিনি বলেন, পরিবেশগত ও সামাজিক বিধিবিধান পরিপালনের ক্ষেত্রে অর্থায়ন ও তথ্যের সীমাবদ্ধতার কারণে নারী-মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে সঠিকভাবে এসব বিধিবিধান পরিপালন করতে পারলে ব্যবসার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধির পাশাপাশি টেকসই অর্থায়ন ও রপ্তানি বাজারের সুযোগ সহজতর হয়।

পরে আয়োজিত প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী, মেনার্ড গ্রুপের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার ফাহিমা শাহাদাত এবং স্যার জন উইলসন স্কুলের প্রিন্সিপাল সাবরিনা শহীদ। বক্তারা একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী নারী শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ সহযোগিতার ওপর জোর দেন।

নেক্সাস সেমিনার সিরিজের আহ্বায়ক প্রফেসর ড. এম. নিয়াজ আসাদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউআইইউ’র বিবিএ প্রোগ্রামের ডিরেক্টর প্রফেসর ড. সালমা করিম। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও বিভিন্ন কর্পোরেট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *