
|| স্পোর্টস ডেস্ক ||
অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১৬ আগস্ট) ডারউইনে আয়োজিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এই স্মরণীয় জয় তুলে নেয় টাইগাররা।
বাংলাদেশ ক্রিকেট দল জয় নিশ্চিত করার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ সফরের পথে ছিলেন। খেলার ফলাফল জানার পরই তিনি ভিডিও কলে জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে সরাসরি কথা বলেন।
ভিডিও কলে কথা বলার সময় তিনি ঐতিহাসিক এই সাফল্যের জন্য দলের প্রত্যেক সদস্যকে অভিনন্দন জানান এবং সমগ্র দেশবাসীর পক্ষ থেকে ক্রিকেটারদের প্রতি ধন্যবাদ ও শুভকামনা ব্যক্ত করেন।
