Sunday, August 16

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার কিশোরগঞ্জ সফরে তারেক রহমান

|| নিজস্ব প্রতিবেদক ||

কিশোরগঞ্জ জেলার উদ্দেশে সড়কপথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর কিশোরগঞ্জে এটি তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর। আজ রবিবার (১৬ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে তিনি রওনা হন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউশন মাঠে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনসহ দিনব্যাপী একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ ও স্থানীয়দের মধ্যে পোনা বিতরণ করবেন তিনি। দুপুর সাড়ে ১২টায় কটিয়াদীতে জেলার একমাত্র সরকারি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন শেষে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন।

এরপর দুপুর দেড়টায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ পরিদর্শনের পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন সরকারপ্রধান। বিকেলে কিশোরগঞ্জ সার্কিট হাউসে বিরতির পর শহরের ঐতিহাসিক কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সম্মানি প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন তিনি।

দীর্ঘদিন পর সরকারপ্রধানের এই সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। সফর শেষে আজ সন্ধ্যায়ই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *