Sunday, August 16

স্পেনের পর্যটন শহর গ্রানাদায় ৫ মাত্রার ভূমিকম্প

|| আন্তর্জাতিক ডেস্ক ||

স্পেনের জনপ্রিয় ও ঐতিহাসিক পর্যটন শহর গ্রানাদায় ৫ মাত্রার এক ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্কে ঘুম ভেঙে রাজপথে নেমে আসেন বহু স্থানীয় বাসিন্দা। টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্পেনের ন্যাশনাল জিওগ্রাফিক্যাল ইনস্টিটিউট জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) রাত ১টার কিছু পর ভূকম্পনটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল গ্রানাদা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে আলহেন্দিন এলাকায়।

আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগ জানায়, ভূমিকম্পের তীব্রতায় শহরের বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে এবং কার্নিশ ও দেয়ালের অংশ ভেঙে নিচে পড়েছে। তবে মধ্যযুগীয় ইসলামী স্থাপত্যের অন্যতম নিদর্শন ও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় থাকা ঐতিহাসিক ‘আলহামব্রা প্রাসাদ’ সম্পূর্ণ অক্ষত রয়েছে বলে জানিয়েছে কাতার ও স্থানীয় কর্তৃপক্ষ।

আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের ভাইস প্রেসিডেন্ট আন্তোনিও সানজ কাবেয়ো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বাসিন্দাদের সতর্ক ও শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। একই সাথে ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ না করতে এবং রাস্তায় চলাচলের ক্ষেত্রে বারান্দা বা বিপজ্জনক স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *