Saturday, August 15

কাতারে আটক তিন ইরানি পাইলটের মুক্তির দাবি তেহরানের

|| আন্তর্জাতিক ডেস্ক ||

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে কাতার কর্তৃপক্ষের হাতে বন্দি থাকা তিন ইরানি পাইলটকে অবিলম্বে মুক্তি দেওয়ার জোরালো দাবি জানিয়েছে তেহরান। শনিবার (১৫ আগস্ট) ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এই তিন পাইলট আটকের বিষয়টি প্রকাশ্যে এনে আন্তর্জাতিক মহলের কাছে তাদের মুক্তির আহ্বান জানানো হয়।

ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির সূত্রে জানা যায়, ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল মোহাম্মদ বাঘারজাদেহ নিশ্চিত করেছেন যে, যুদ্ধ চলাকালীন সু-২৪ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর কাতারি বাহিনীর হাতে তিন ইরানি পাইলট জীবিত বন্দি হন। আটককৃত পাইলটরা হলেন—জাদেহ সালেহি, আবদোলমাজিদ দাশতিয়ান এবং ওমরাণ বেহরাভেশিয়ান।

তেহরানের অভিযোগ, গত ছয় মাস ধরে কাতার তাদের বন্দি করে রাখলেও পরিবারকে কোনো ধরনের সাক্ষাৎ বা যোগাযোগের সুযোগ দিচ্ছে না। বিষয়টিকে সম্পূর্ণ অমানবিক আখ্যা দিয়ে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন জেনারেল বাঘারজাদেহ।

এর আগে গত মাসে ইরানের সেনাবাহিনী জানায়, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে গত মার্চের শুরুর দিকে চালানো এক হামলার সময় নিহত ইরানি পাইলট মাজেদ কাজেমির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে সে সময় অন্য তিন পাইলট নিখোঁজ রয়েছেন বলে দাবি করা হলেও এতদিন তাঁদের আটকের বিষয়টি জনসমক্ষে আনা হয়নি।

উল্লেখ্য, আল উদেইদ কাতারস্থ মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার মাধ্যমে শুরু হওয়া সংঘাতের জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। পরবর্তীতে সাময়িক যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর এই তিন পাইলটের আটকের খবরটি সামনে এলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *