
|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||
ইসলামী আন্দোলন বাংলাদেশ সলঙ্গা থানা শাখার আয়োজনে সর্বজন শ্রদ্ধেয় মাও. ইসমাইল (রহ.)-এর কর্মময় জীবনের ওপর এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বাদ আসর জগন্নাথপুর বড় মসজিদে এই কর্মসূচি পালিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘুড়কা ইউনিয়ন শাখার সভাপতি মাও. মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আন্দোলনের সভাপতি মাও. শাহ আব্দুল্লাহ মামুন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ইসলামী আন্দোলন ও দ্বীনের খেদমতে মাও. ইসমাইল (রহ.) যে অবদান রেখে গেছেন, তা চিরস্মরণীয়। তাঁর কর্মময় জীবন নতুন প্রজন্মের আলেম ও সাধারণ মানুষের জন্য এক অনুকরণীয় আদর্শ।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আন্দোলনের সাবেক সহ-সভাপতি মাও. জিয়াউল হক, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি গাজী আইনুল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সহ-সভাপতি মুহা. আশরাফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সলঙ্গা থানা শাখার সভাপতি মাও. আনিসুর রহমান আল হাদী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিরাজগঞ্জ জেলার সহ-সভাপতি মাও. নুর উদ্দিন নোমানী এবং সলঙ্গা থানা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মো. জাহিদুল ইসলাম।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘুড়কা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ডা. মাহবুব হাসান বিপ্লব, মরহুমের ভাই মাও. ইউসুফ ও মাও. ওবায়দুল্লাহসহ সলঙ্গা থানার যুব, শ্রমিক ও ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লিরা। আলোচনা সভা শেষে মরহুম মাও. ইসমাইল (রহ.)-এর রুহের মাগফিরাত কামনায় এবং দেশ ও জাতির কল্যাণার্থে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
