
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে ক্ষমতাসীন দল বিএনপি। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়।
বিএনপির শীর্ষ ও নীতি-নির্ধারণী পর্যায়ের নেতাদের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন এবং প্রার্থী চূড়ান্তকরণের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠক শেষে নির্বাচন কমিশনে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া এই পদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দলের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরই প্রায় নিশ্চিত। এ বিষয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তবে তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নিলে একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ পদ—বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য পদে শূন্যতা তৈরি হবে। ফলে তাঁর উত্তরসূরি কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।
