
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে প্রার্থীর পক্ষে এই মনোনয়নপত্র জমা দেন জোটের প্রতিনিধিরা।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর নেতা ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও মোস্তফিজুর রহমান ইরানসহ জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা।
ঘোষিত তফসিল অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
