
|| নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশে বর্তমানে অত্যন্ত বিনিয়োগবান্ধব ও অনুকূল পরিবেশ রয়েছে জানিয়ে আগ্রহী যেকোনো বিদেশি বিনিয়োগকারীকে সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির সাংবাদিকদের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
অ্যামচেম বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল এই সাক্ষাৎকারে অংশ নেয়। সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীকে জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে নতুন কমিটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ করার পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিনিধিদলের কথা শুনে প্রধানমন্ত্রী বলেন, “বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ বিদ্যমান। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সার্বিক সহযোগিতা প্রদানে সরকার সবসময় প্রস্তুত রয়েছে।”
উক্ত সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
