
|| নিজস্ব প্রতিবেদক ||
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আবাসন ও প্রশাসনিক বিভিন্ন দাবিদাওয়া সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান’ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ ত্বরান্বিত করা, অস্থায়ী আবাসন প্রকল্প চালু ও মেডিকেল সেন্টারের উন্নয়নসহ বিভিন্ন দাবিতে মিছিল ও স্লোগান দিয়ে অনুষ্ঠানস্থলের দিকে যান ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে।
আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হলে সেখানেও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন শিবির নেতৃবৃন্দ। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মধ্যস্থতা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর থেকে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বর্তমানে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি প্রশাসনের নজরদারিতে রয়েছে।
