Monday, August 3

দৌলতপুরে সাংবাদিকদের সাথে নবযোগদানকৃত ইউএনও’র মতবিনিময়

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।

সোমবার (৩ আগস্ট) দৌলতপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মামুন মিয়া পলাশ নবযোগদানকৃত ইউএনও-কে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে বলেন, “দৌলতপুর উপজেলার সার্বিক উন্নয়ন, মাদক ও দুর্নীতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় সাংবাদিক সমাজ সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। আমরা আশা করি, আপনার সুদৃঢ় নেতৃত্বে দৌলতপুর উপজেলা প্রশাসন আরও গতিশীল ও জনবান্ধব হবে।”

তিনি আরও বলেন, “উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত মানুষের নানা সমস্যার কথা আমাদের লেখনীর মাধ্যমে প্রশাসনের সামনে উঠে আসবে। বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা যেমন বদ্ধপরিকর, তেমনি দৌলতপুরের সুশাসন প্রতিষ্ঠা ও সার্বিক কল্যাণে প্রেসক্লাব এবং স্থানীয় সাংবাদিক সমাজ উপজেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।”

নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা তাঁর বক্তব্যে বলেন, “উপজেলা প্রশাসনকে সাধারণ মানুষের জন্য আরও সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করাই আমার মূল লক্ষ্য। দৌলতপুরের সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সরকারের উন্নয়নমূলক কাজগুলো সঠিকভাবে বাস্তবায়নে সাংবাদিক সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।”

তিনি আরও যোগ করেন, “সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। আপনারা বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদের মাধ্যমে উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত নানা সমস্যা ও সম্ভাবনার কথা আমাদের সামনে তুলে ধরবেন—এই প্রত্যাশা করি। মাদকমুক্ত ও অপরাধমুক্ত দৌলতপুর গড়তে প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করবে।”

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক সালমান খান এবং সাংবাদিক আমিনুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *