Monday, August 3

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

দেশে প্রথমবারের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এখন থেকে পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ থাকা সাপেক্ষে একই পদের বিপরীতে শিক্ষকরা বদলির সুযোগ পাবেন।

এ লক্ষ্যে সরকার গত ২৭ জানুয়ারি ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ জারি করে। নীতিমালা অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) অনলাইনে শূন্য পদের তালিকা প্রকাশ করবে এবং টেলিটকের প্রস্তুতকৃত স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে শিক্ষকদের আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

নীতিমালা অনুযায়ী, প্রথম নিয়োগের পর টানা দুই বছর চাকরি সম্পন্ন হলে একজন শিক্ষক বদলির আবেদন করতে পারবেন। তবে এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে যোগদানের পর পুনরায় আবেদনের জন্য সেখানেও ন্যূনতম দুই বছর কর্মরত থাকতে হবে। একজন শিক্ষক তাঁর সমগ্র চাকরিজীবনে সর্বোচ্চ তিনবার বদলি হতে পারবেন এবং বছরে একটি প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ দুইজন শিক্ষক বদলির সুযোগ পাবেন।

আবেদনের ক্ষেত্রে শিক্ষকরা নিজ জেলা, স্বামী বা স্ত্রীর নিজ জেলা এবং স্বামী বা স্ত্রীর কর্মস্থলের জেলা—এই তিনটি ক্ষেত্র বিবেচনার সুযোগ পাবেন। একই পদের বিপরীতে একাধিক আবেদন জমা পড়লে নারী প্রার্থী, কর্মস্থলের দূরত্ব, স্বামী/স্ত্রীর কর্মস্থল এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে অগ্রাধিকার নির্ধারিত হবে।

বদলির পরও শিক্ষকদের এমপিও, আর্থিক সুবিধা ও জ্যেষ্ঠতার ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে। তবে বদলি হওয়া শিক্ষকরা কোনো টিএ-ডিএ ভাতা পাবেন না। বদলির আদেশ জারির ১০ দিনের মধ্যে বর্তমান প্রতিষ্ঠানপ্রধান শিক্ষককে অবমুক্ত করবেন এবং পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। মামলা চলমান বা সাময়িক বরখাস্ত থাকা শিক্ষকরা এই বদলির যোগ্য হবেন না।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ইতোমধ্যে এই প্রক্রিয়ায় কুমিল্লার চৌদ্দগ্রামের গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক খাইরুল ইসলামকে চাঁদপুরের নিশ্চিন্তপুর ডি এস আলিয়া মাদ্রাসায় বদলির প্রথম আদেশ জারি করেছে।

মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, স্কুল ও কলেজের শিক্ষকদের বদলি কার্যক্রমের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সফটওয়্যার পুরোপুরি প্রস্তুত হলেই আবেদন প্রক্রিয়া শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *