Sunday, August 2

চিলমারীতে ৪০ বছরের পুরনো জরাজীর্ণ ব্রীজ যেন মরণফাঁদ

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) দুধকুমার বিল খালের (স্থানীয়ভাবে ‘নালা’) ওপর নির্মিত ৪০ বছরের পুরনো নালাপাড় ব্রিজটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ হয়ে পড়েছে। চিলমারী-কুড়িগ্রাম কেসি রোড সংলগ্ন এই গুরুত্বপূর্ণ বাইপাস সড়কের ব্রিজটি দিয়ে প্রতিদিন চিলমারী ও উলিপুর উপজেলার হাজার হাজার মানুষ আতঙ্কের মধ্য দিয়ে চলাচল করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে নির্মিত এই ব্রিজটির মূল গার্ডার ও মাঝের অংশে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় এর দুই পাশের সুরক্ষাবেষ্টনী বা রেলিং ভেঙে খালে বিলীন হয়ে গেছে। ওপরের পলেস্তারা খসে রড বেরিয়ে পড়ায় রাতের বেলা যাতায়াত অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। চরম ঝুঁকিপূর্ণ হওয়ায় বর্তমানে রিকশা, ভ্যান বা অটোরিকশা ছাড়া সব ধরনের ভারী যান চলাচল বন্ধ রয়েছে।

বালাবাড়ী হাট সংলগ্ন এই ব্রিজটি চিলমারী ও উলিপুরের মালেক মোড়, সাদুল্লা, উমানন্দ, বজরা বাজার ও কাশিমবাজারসহ আশপাশের এলাকার যোগাযোগের প্রধান মাধ্যম। বিকল্প কোনো পথ না থাকায় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা লুৎফর, সাজু, বিপ্লব ও সাইফুল জানান, অটোরিকশা বা ছোট গাড়ি উঠলেই ব্রিজটি কেঁপে ওঠে। প্রকৌশলী অফিস থেকে বারবার লোক এসে মেপে গেলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। দিনে-রাতে সবসময় দুর্ঘটনার আতঙ্কে থাকতে হয়।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী জানান, ব্রিজটি অত্যন্ত পুরনো ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মূল গার্ডারে ফাটল দেখা দেওয়ায় এটি ভেঙে নতুন ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

উপজেলা পিআইও কর্মকর্তা সোহেল রহমান বলেন, “ঝুঁকিপূর্ণ ব্রিজটি পরিদর্শন করা হয়েছে। শুধু সংস্কার করে সুফল পাওয়া যাবে না। তাই সম্পূর্ণ ভেঙে নতুন ব্রিজ নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে, অনুমোদন পেলেই কাজ শুরু হবে।”

জনদুর্ভোগ নিরসন ও বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *