
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
সাবেক মন্ত্রী, বিশিষ্ট শিল্পপতি ও মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চার শয্যাবিশিষ্ট আধুনিক আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) সেবার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, এমপি। প্রাথমিকভাবে চারটি শয্যা নিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে এ সেবা আরও সম্প্রসারণ করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, “আমার বাবা হারুনার রশিদ খান মুন্নু ছিলেন দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মানবকল্যাণে নিবেদিতপ্রাণ একজন দূরদর্শী উদ্যোক্তা। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো আজও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই হাসপাতালে আইসিইউ সেবা চালুর ফলে মানিকগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকার সংকটাপন্ন রোগীরা দ্রুত উন্নত ও নিবিড় চিকিৎসাসেবা পাবেন।”
মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল সাড়ে ৮টায় মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। দিনজুড়ে সর্বস্তরের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
অনুষ্ঠানে মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন, উপাধ্যক্ষ ডা. বোরহান উদ্দিন আহাম্মেদসহ শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ১ আগস্ট হারুনার রশিদ খান মুন্নু ইন্তেকাল করেন। প্রয়াণের দীর্ঘ নয় বছর পরও তাঁর কর্মময় জীবন, দূরদর্শী নেতৃত্ব, শিল্পোন্নয়নে অনন্য অবদান এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড তাঁকে মানুষের হৃদয়ে অম্লান করে রেখেছে। মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আজও শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয় এই বরেণ্য শিল্পপতি ও জননেতাকে।
