Saturday, August 1

ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতা করা হবে: শিক্ষামন্ত্রী

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||

ইসলামী বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে সরকার থেকে বাজেটসহ সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

শনিবার (১ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সেন্ট্রাল ওরিয়েন্টেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে কাটানো প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। এটিই তোমাদের জীবনের মূল শক্তি ও ভিত্তি। শুধু পরিবার বা জাতি নয়, পুরো বাংলাদেশ তোমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। আমরা চাই ‘রিভার্স ব্রেইন ড্রেন’ হোক—বিদেশে থাকা মেধাবীরা যেমন দেশে ফিরছেন, তেমনি তোমাদেরও এ দেশের শ্রেষ্ঠ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে।” তিনি শিক্ষা ও গবেষণা উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আবদুল খালেক, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, সদস্য ড. আব্দুল্লাহ আল মামুন, প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল এবং মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনসহ বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *