Friday, September 18

সুবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর জাকির হুসাইনকে ইবি তালাবার সংবর্ধনা

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ জাকির হুসাইনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

শনিবার (১ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সেমিনার কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্র সংগঠনটির ইবি শাখার সভাপতি এস এম শামীমের সভাপতিত্বে এবং সাবেক সেক্রেটারি সাজ্জাতুল্লাহ শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ জাকির হুসাইন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ. ব. ম. সাইফুল ইসলাম সিদ্দিকী, প্রফেসর ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী; আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মো. ময়নুল হক, প্রফেসর ড. মো. নাছির উদ্দিন; দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মো. হুসাইন আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইবি তালাবার সি সহ-সভাপতি আব্দুল মুন্তাকিম, সহ-সভাপতি আরিফুল ইসলাম, শাকিল আহমেদ চৌধুরী, সেক্রেটারি খন্দকার আরিফ, সাংগঠনিক সম্পাদক তালহা বিন নিজামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ জাকির হুসাইন তাঁর বক্তব্যে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন। তিনি তাঁর অর্জন ও সাফল্যকে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার প্রতি উৎসর্গ করেন এবং সংগঠনের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ও স্মৃতিচারণ করেন।

এ সময় বক্তারা বলেন, প্রফেসর ড. মোঃ জাকির হুসাইন একজন দক্ষ ও দূরদর্শী ছাত্রনেতা হিসেবে তাঁর নেতৃত্বের যাত্রা শুরু করে পরবর্তীতে শিক্ষক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সুসংগঠিত করার পাশাপাশি শিক্ষা, নেতৃত্ব ও সাংগঠনিক অঙ্গনে দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

বক্তারা আরও বলেন, প্রফেসর ড. জাকির হুসাইন একই সঙ্গে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও দক্ষ সংগঠক। তাঁর দীর্ঘদিনের নেতৃত্বের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শী চিন্তাভাবনা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, প্রফেসর ড. মোঃ জাকির হুসাইন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য শিক্ষাবিদ, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা পেয়েছেন। তাঁর এই অর্জন ও নিয়োগ শিক্ষা অঙ্গনে তাঁর দীর্ঘদিনের নেতৃত্ব, দক্ষতা, প্রজ্ঞা ও গ্রহণযোগ্যতারই বহিঃপ্রকাশ।

তাঁর যোগ্য ও গতিশীল নেতৃত্বে নবপ্রতিষ্ঠিত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা, অবকাঠামো ও সাংগঠনিক কার্যক্রমে দ্রুত এগিয়ে যাবে এবং অদূর ভবিষ্যতে দেশের অন্যতম সম্ভাবনাময় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

তাঁরা বলেন, একজন দক্ষ ছাত্রনেতা থেকে শিক্ষক নেতা এবং পরবর্তীতে একজন প্রতিষ্ঠিত শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রফেসর ড. জাকির হুসাইন যে অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণ অর্জন করেছেন, তা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। তাঁর যোগ্য ও দূরদর্শী নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি অল্প সময়ের মধ্যেই শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও উচ্চশিক্ষার ক্ষেত্রে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি লাভ করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

পরিশেষে দেশ, জাতি ও শিক্ষাঙ্গনের কল্যাণ এবং নবনিযুক্ত উপাচার্যের সফলতা কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *