Saturday, August 1

সাংবাদিকদের মাঝে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করল বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড (Free Press Unlimited) ও আর্টিকেল নাইন্টিন (ARTICLE 19)-এর সহযোগিতায় গঠিত বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC)-এর উদ্যোগে পেশাগত ঝুঁকিতে থাকা সাংবাদিকদের মাঝে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) খুলনার একটি সুপরিচিত পার্কে সংগঠনটির বার্ষিক পিকনিক, মতবিনিময় সভা এবং সাংবাদিকদের মাঝে নিরাপত্তা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত পেশাদার সাংবাদিকদের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের প্রায়ই নানা ধরনের ঝুঁকি ও প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সেই বাস্তবতা বিবেচনায় রেখে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও তাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আলোচনা সভায় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কৌশিক দে এবং সাধারণ সম্পাদক এম এ আর কবির বক্তব্য দেন। তারা সাংবাদিকদের কর্মক্ষেত্রে বিদ্যমান ঝুঁকি, নিরাপত্তা সংকট এবং বর্তমান পরিস্থিতিতে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, BJPC-এর মাধ্যমে সাংবাদিকদের জরুরি সহায়তা, নিরাপত্তা পরামর্শ, ডিজিটাল নিরাপত্তা, আইনি সহায়তা, প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম, হামলা বা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের সহায়তা, রেফারেল নেটওয়ার্ক এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে মেহেরপুর, যশোর, গাইবান্ধা, বাগেরহাট, নড়াইল, মাগুরা, বেনাপোলসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত পেশাদার সাংবাদিকরা অংশ নেন। তাদের প্রাণবন্ত উপস্থিতিতে দিনব্যাপী আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *